পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরপাড়ে পড়ন্ত বিকেলে মনোরম পরিবেশে সময় কাটানো পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক অনানুষ্ঠানিক অথচ গভীর জ্ঞানগর্ভ আলোচনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ।
তরুণ প্রজন্মকে আলোর পথে উদ্বুদ্ধ করার লক্ষ্যে তিনি শিক্ষার্থীদের সাথে জীবনের লক্ষ্য, সময় ব্যবস্থাপনা এবং আত্মোন্নয়ন নিয়ে খোলামেলা কথা বলেন। আলোচনায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন:
তরুণদের বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে অটল ইচ্ছাশক্তি লালন করতে হবে। সঠিক চিন্তা ও পরিশ্রমের সমন্বয় ঘটাতে পারলে যেকোনো অসম্ভবকে জয় করা সম্ভব।
সাফল্যের পথে চলার জন্য ভালো বন্ধু নির্বাচন অত্যন্ত জরুরি। জীবনযাত্রার মান ও লক্ষ্য নির্ধারণে বন্ধুর প্রভাব অনস্বীকার্য, তাই নেতিবাচক পরিবেশ থেকে সচেতনভাবে দূরে থাকতে হবে।
আবেগকে নিয়ন্ত্রণ করে নিজের কাজের প্রতি মনোযোগী হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আবেগপ্রবণ না হয়ে যৌক্তিক চিন্তার অধিকারী হওয়াই প্রকৃত সাফল্যের চাবিকাঠি।
অবসর সময়ে অলসতা না করে বই পড়া, খেলাধুলা বা সাহিত্য চর্চার মতো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে।
ভালো কাজের জন্য ভবিষ্যতের অপেক্ষায় না থেকে, বর্তমান সময়টিকে কাজে লাগানোর মাধ্যমেই নিজের এবং দেশের উন্নয়ন সম্ভব।
পড়ন্ত বিকেলে উপজেলা চত্বরের উন্মুক্ত পরিবেশে ইউএনও’র এমন দিকনির্দেশনামূলক কথাগুলো শিক্ষার্থীদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। অভিভাবক মহলেও তার এই মানবিক ও শিক্ষামূলক উদ্যোগটি প্রশংসিত হচ্ছে।
Reporter Name 















