পিরোজপুর প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ— ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে পিরোজপুর জেলা পরিষদ। টেকসই পরিবেশ গঠন এবং বৃক্ষসম্পদ বৃদ্ধির অঙ্গীকার নিয়ে জেলাজুড়ে চলছে এই বৃক্ষরোপণ অভিযান।
পিরোজপুর জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও এর গুরুত্ব তুলে ধরেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে অধ্যক্ষ আলমগীর হোসেন আক্ষেপ করে বলেন, “একসময় আমাদের রাস্তার পাশজুড়ে প্রচুর আমলকী গাছ ছিল, যা পশুপাখি ও স্থানীয় জনসাধারণের জন্য প্রাকৃতিক ছায়া ও খাদ্যের উৎস হিসেবে কাজ করত। কিন্তু কালের বিবর্তনে সেসব গাছ হারিয়ে গেছে। আমরা সেই বিলুপ্ত আমলকী গাছগুলোকে পুনরায় রাস্তার পাশে রোপণ করার উদ্যোগ নিয়েছি”।
কর্মসূচির অংশ হিসেবে নিম এবং অর্জুন গাছের চারা রোপণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলা পরিষদের প্রশাসক নিম গাছের বহুমুখী গুণাগুণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন –
নিমের আবহাওয়া জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
এটি একটি অত্যন্ত কার্যকর ঔষধি বৃক্ষ, যার ব্যবহার বহু প্রাচীন।নিমের ডাল থেকে তারা স্থানীয় পর্যায়ে মাজন তৈরি করে থাকেন, যা দাঁতের যত্নে অত্যন্ত কার্যকর।
তিনি জানান, আরাফাত ময়দানে ‘জিয়া ট্রি’ নামে পরিচিত এই গাছের চারাও রোপণ করা হচ্ছে, যা স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক।
জেলা প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এই কার্যক্রমের মাধ্যমে সারা জেলায় নিমের ফলন ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। প্রধানমন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা পরিষদ এ বছর অন্তত ১,৫০০টি গাছ রোপণ করবে এবং শুধু রোপণই নয়, বরং গাছগুলোর যথাযথ সংরক্ষণও নিশ্চিত করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে এবং বাংলাদেশে বৃক্ষ নিধন রোধে এই কর্মসূচি একটি ব্যাপক ভূমিকা রাখবে। জেলা পরিষদের এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহলে সাধুবাদ জানানো হয়েছে।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ নূরুল আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Reporter Name 















